ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সৈকতকে কুপিয়ে হত্যা

97 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি কোপের আঘাতে পৌরসভার ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত (৪৩) নিহত হয়েছে। ২৩ আগস্ট রোববার দিবাগত রাত ১২টায় পৌর শহরের টিন বাজার এলাকায় রমজান মিয়ার হাউলির ভিতরের সড়কে এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
নিহত আল আমিন সৈকত পৌর শহরের আড়াই ব্যপারি বাড়ির মৃত জসিম মিয়ার ছেলে। তাঁর মৃত্যুতে ভৈরব শহরে ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় শহরে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ভৈরব থানা পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলতে না চাইলেও নিহতের মা রোকিয়া বেগম বলেন, পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বে ছেলের এ হত্যার ঘটনা ঘটতে পারে।
জানা যায়, ২৩ আগস্ট রোববার রাত সাড়ে ১১টায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৌর শহরের রানীর বাজার শাহী মসজিদের পিছনে নিজ বাসায় যাওয়ার পথে পৌনে ১২টার দিকে আগে থেকে উৎপেতে থাকা ২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তাঁর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নেয়ার পথি মধ্যে নরসিংদী এলাকায় আল আমিন সৈকত মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেন। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। খোঁজ নিয়ে আরো জানা যায়, ঘটনার পর থেকে নিহতের চাচার পরিবার বাড়ি ঘর তালাবদ্ধ রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে তাদের সাথে যোগাযোগ করতে গেলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নিহতের স্ত্রী তানিয়া বেগম বলেন, আমার স্বামী রাজনৈতিক মামলায় ও জমি সংক্রান্ত পারিবারিক মামলায় জেল খেটেছে। তাঁর অনেক শত্রু ছিলো। ২৩ আগস্ট রাতে আমার স্বামী বাসায় আসার পথে সন্ত্রাসীরা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে নিহতের মা রোকিয়া বেগম বলেন, আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো তাঁর চাচাতো ভাইয়েরা। জমি নিয়ে বিরোধ ছিলো কিন্তু সে বিরোধও মিটিয়ে ফেলা হয়েছিল। তবে আমার ছেলেকে ঘরের শত্রুরাই হত্যা করেছে। আমি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে তাদের ফাঁসি চাই।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই আরাফাত হোসেন বড় মিয়া বলেন, আল-আমিন সৈকতের পারিবারিক দ্বন্দ্বসহ তাঁর রাজনৈতিক শত্রুও থাকতে পারে। তবে কে বা কাহারা কেন তাকে হত্যা করেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আল আমিন সৈকতের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। আল আমিন সৈকত নিজেই তাঁর পরিবারের বড় সন্তান। তাঁর একজন ছোট ভাই রয়েছে। সে ভৈরব বাজারের একজন প্রতিষ্ঠিত সার ও ধান ব্যবসায়ী। তাছাড়া পৌর ১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ছিলেন। সেই সাথে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালকেরও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ যুবলীগ ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এ বিষয় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ নিজ উদ্যোগে একাধিক তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট ও নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *