# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত দুইজনের জানাজায় সম্পন্ন হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে মিরারচর গ্রামের দুইজন নিহতের ঘটনায় আকবর নগরের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে মিরারচরের বাসিন্দারা। এসময় থানা পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় মিরারচর গ্রামের কিছু যুবক।
জানাজা শেষে নিহতের ভাই রতন মিয়া বলেন, আমার ভাই ও আমার প্রতিবেশী বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে মৃত্যু বরণ করেছে। আমরা চাই বাজারের নাম হিরণ-মাসুদ বাজার নামে নামকরণ করা হোক।
এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া জানান, ঝগড়ায় নিহতের ঘটনার পর দুই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মিরারচর গ্রামের একটি অংশে আকবরনগর গ্রামের কিছু মানুষের বসতি রয়েছে। কিছু মানুষ সেই বাড়িগুলোতে আগুন দিয়েছে। প্রশাসনও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংঘর্ষে নিহতের ঘটনার পর আকবরনগরের কিছু মানুষ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গিয়েছে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর মিরারচর ও আকবর নগর গ্রামে একাধিক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। কিছু তুচ্ছ ঘটনার খবর পেয়েছি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ফায়ারসার্ভিস টিম পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস বলেন, মিরারচর ও আকবর নগর গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশসহ ভৈরব থানা পুলিশ কাজ করছে। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও রেলপথ সুরক্ষিত রয়েছে। পুলিশের উপস্থিতি বাজারের হওয়ায় মিরারচর-আকবরনগর বাজারের কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রামের ভিতর কয়েকটি ঘরে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগে প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভৈরবে সংঘর্ষে নিহত দুইজনের জানাজায় হাজারো মানুষের ঢল, আকবরনগরের একাংশে অগ্নিকাণ্ডে একাধিক বাড়ি পুড়ে ছাই
22 views
