লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে মানববন্ধন

63 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে ‘জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটি’ মানববন্ধনের আয়োজন করেছে। ২৮ জুন রোববার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর বাজার এলাকার রাস্তায় দুই সারিতে শত শত এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তৃতা করেন বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকির, স্থানীয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হোসেপুর উপজেলা শাখার সদস্য সচিব এনামুল হক মজনু, শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতা এবায়দুল ইসলাম প্রমুখ।
আলাল মিয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে বলেন, এই তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে শিশু থেকে বৃদ্ধ, সবাই দুর্বিসহ যন্ত্রণা ভোগ করছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। মানুষ স্বাভাবিক কাজকর্মও করতে পারছেন না। এর হাত থেকে পরিত্রাণ দরকার। প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন বলেন, সামনেই এইচএসসি পরীক্ষা। পরীক্ষার্থী ছাড়াও সকল শিক্ষার্থীরই লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। শিক্ষা জীবনের বড় ধরনের ক্ষতি হচ্ছে। খায়রুল ইসলাম ফকির বলেন, একদিকে লোডশেডিং, আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুতের ভৌতিক বিল। এসব অনিয়ম ও দুর্ভোগ বন্ধ হওয়া দরকার। বক্তাগণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও ভৌতিক বিল বন্ধের জোর দাবি জানিয়েছে। অন্যথায় আরও কঠোর কমসূচীর হুশিয়ারি দেন। শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *