কুলিয়ারচরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা, পলাতক বখাটে আসিফ

80 views

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২৭ জুন শনিবার বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্ব পাড়া (খলিফা আটি) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে যুবক আসিফ (১৭) পলাতক রয়েছে। আসিফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানে ফুসলিয়ে নিয়ে যায় আসিফ। সেখানে সে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সেখান থেকে সরিয়ে নিয়ে একই এলাকার চান্দু মিয়ার ঘরের কোণায় নিয়ে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় দূর থেকে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি শিশুটিকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই আসিফকে হাতেনাতে ধরে ফেলেন। আটক হওয়ার পর আসিফ প্রথমে ওই নারীর হাত-পা ধরে ক্ষমা চাওয়ার নাটক করে। পরে একপর্যায়ে জোরাজুরি করে ওই নারীর হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাবা-মা দুজনেই গার্মেন্টসে চাকরি করেন। বাবা-মা কর্মস্থলে থাকায় শিশুটি তাঁর নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিল।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, ঘটনার খবর পেয়েই তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *