চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগে গ্রেপ্তার আতঙ্ক, সাধারণ সম্পাদকের হাস্যোজ্জ্বল ছবি শেয়ারে তীব্র সমালোচনা

67 views

# নিজস্ব প্রতিবেদক :-
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে প্রশাসনের চলমান অভিযানে জেলার প্রায় ১০ জন সক্রিয় নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম অভি এবং শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
এই গ্রেপ্তার অভিযান ঘিরে জেলা আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতাকর্মীদের একটি বড় অংশ অভিযোগ করছেন, গ্রেপ্তারের পেছনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের ভাষ্য, নিজেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে তিনি প্রশাসনকে তথ্য সরবরাহ করে কর্মীদের গ্রেপ্তারের পথ তৈরি করেছেন।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তোলা তাঁর একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন, সঙ্গে দিয়েছেন প্রিয়তমাকে স্মরণ করে একটি স্ট্যাটাস। এ নিয়ে কর্মীদের মধ্যে চলছে নানা প্রতিক্রিয়া। অনেকের মতে, সহকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে থাকা অবস্থায় এ ধরনের পোস্ট তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, দলের এ দুঃসময়ে যেখানে সাধারণ কর্মীরা বাড়িতে থাকতে পারছেনা, সেখানে সাধারণ সম্পাদকের এ ধরনের ছবি কর্মীদের মনে ক্ষোভ বাড়ায়। আর পুলিশের সাথে আঁতাত করে কর্মীদের ধরিয়ে দেওয়ার যে গুঞ্জন তাকে নিয়ে আছে তা আরও জোড়ালো হয়ে সত্য মনে হয়।
পরিস্থিতির জেরে নেতাকর্মীদের একটি অংশ বর্তমান জেলা কমিটি দ্রুত বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের দাবি তুলেছেন। তাদের বক্তব্য, সংকটময় এই সময়ে দলীয় বিভেদ ভুলে কর্মীদের পাশে দাঁড়ানোর মতো নেতৃত্ব এখন সময়ের দাবি।
গ্রেপ্তারের পেছনে সাধারণ সম্পাদক আশিকুজ্জামানের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি জানতে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *