নিকলীতে ছাত্রলীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন, পদত্যাগ করলেন দুলাল মিয়া

88 views

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নবঘোষিত থানা ছাত্রলীগের কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুলাল মিয়া। ২৪ জুন বুধবার বিকেল ৩টায় উপজেলার একটি স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল মিয়া বলেন, তিনি গুরই ইউনিয়নের বাসিন্দা এবং তাঁর পিতা আব্দুর রহমান। গত ১০ জুন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিকলী থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে তাকে ৭ নম্বর সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না এবং তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা আলোচনা ছাড়াই কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন।
তিনি বলেন, কে বা কারা আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, তা আমার জানা নেই। আমি উক্ত কমিটিতে আমার নাম সংযুক্ত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক বা সাংগঠনিক কোনো আলোচনায় অংশগ্রহণ ছাড়াই আমার নাম ব্যবহার করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
দুলাল মিয়া আরও জানান, ২০১৩ সালে ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০১৬ সালে বিয়ে করে সংসার জীবনে প্রবেশের পর থেকে তিনি কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক এবং পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এ অবস্থায় তাঁর সম্মতি ছাড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং সহ-সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন বাকি জীবনে আর কোন দলের রাজনীতি করবেন না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত নিকলী থানা ছাত্রলীগ কিংবা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কোনো দায়িত্বশীল নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *