দুই সপ্তাহেও সনাক্ত হয়নি লাশের পরিচয়

28 views

মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করার পর দুই সপ্তাহ পেরিয়ে যাচ্ছে এখনো লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। যুবকের মৃত্যু হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
জানা যায়, গত ২৬ মে সোমবার ভোরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার গণখকালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ। মরদেহটি উদ্ধারের পর থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় যুবকের পড়নে শুধু একটি প্যান্ট ছিল। গায়ে কোনো কাপড় ছিল না। এ কারণে মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, শেষ রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যেতে পারে। আবার কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে যুবকের শরীরে পোশাক না থাকা এবং তাঁর পরিচয় শনাক্ত না হওয়ায় ঘটনাটি দিন দিন আরও রহস্যজনক হয়ে উঠেছে।
৬ জুন শনিবার বিকাল সাড়ে ৩টাব দিকে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অবহিত করা হলে কিশোরগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করে। তারা সাধ্যমতো চেষ্টা করার পরও লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি। তবে আইন অনুযায়ী সকল প্রকার চেষ্টা চলছে লাশের পরিচয় সনাক্ত করতে এবং মৃত্যুর রহস্য উদঘাটন করতে। পরিচয় শনাক্ত করা গেলে তাঁর বাসস্থান, যাতায়াতের উদ্দেশ্য এবং মৃত্যুর আগে তাঁর গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।