# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্ত্রী-পুত্রসহ এক মাদ্রাসা শিক্ষক। এই তিন মোটরসাইকেল আরোহী একটি চাল বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলো মিঠামইন সদর ইউনিয়নের মহিষাকান্দি গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মনির হোসেন (৩৫), স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও ৬ বছরের শিশুপুত্র আয়ান। মিঠামইন ও অষ্টগ্রাম থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনির হোসেন তাঁর স্ত্রী মুন্নি আক্তার ও শিশুপুত্র আয়ানকে নিয়ে মোটরসাইকেলে অষ্টগ্রাম থেকে মিঠামইনে ফিরছিলেন। মাঝে ভাতশালা সেতুর কাছে যেতেই বিপরীত দিক থেকে যাওয়া চাল বোঝাই একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজনই ঘটনাস্থলে মারা যায়। পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অষ্টগ্রামের লোকজন সেটি আটক করে চালকসহ পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ করছে।
মনির হোসেন করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরে কোচিং সেন্টারও প্রতিষ্ঠা করেছিলেন।
অষ্টগ্রাম-মিঠামইন সড়কে স্ত্রী-পুত্রসহ মারা গেলেন এক মাদ্রাসা শিক্ষক
33 views
