বাংলাদেশের গার্মেন্ট শিল্পের প্রবর্তন হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে -জালাল উদ্দিন এমপি

130 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, বিশ্বব্যাপী মানবসম্পদ রপ্তানি এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পের প্রবর্তন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আজকে প্রায় এক কোটি মানুষ দেশের বাইরে কাজ করছে। এ রাস্তা খুলে দিয়েছিলেন তিনি।
১ মে শুক্রবার সকালে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত মহান মে দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আজ কোটি কোটি বেকার যুবক। তাদের কর্মসংস্থান তৈরির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও দেশের বাইরে কাজ করছেন। সংসদের প্রথম অধিবেশনে সমাপনীর বক্তব্যে তিনি এসব বিষয়ে জোর দিয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ওসি এসএম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তৌফিকুল ইসলাম, মাহমুদুজ্জামান রিপন, এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মাসুদ মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
দিবসটি উপলক্ষে এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *