# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদককারবারি স্বামী-স্ত্রীসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এদের মধ্যে এক নারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও আটক স্বামী-স্ত্রীকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
আটককৃত মাদককারবারিরা হলেন, পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৭), একই এলাকার মৃত তিতু মিয়ার ছেলে মুজিবুর মিয়া (৫৭) ও তাঁর সহধর্মিণী সাফিয়া বেগম ওরফে মাফিয়া (৫২)।
টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ টাস্কফোর্সের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল রাত থেকেই মাদককারবারিদের নজরদারিতে রাখা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় প্রথমে পুকুর পাড় থেকে এক বয়স্ক দম্পতির ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের বসত ঘরে তল্লাশি করে ১১৯ পিস ইয়াবা ও ১১ পুড়িয়া হেরোইন পাওয়া যায়। অপরদিকে দুপুর ১টায় মাদককারবারি রুবিনা বেগমের বসত ঘরে তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযান শেষে তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে রুবিনা বেগমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও মাদক কারবারি দম্পতিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভৈরবে টাস্কফোর্সের অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
127 views
