# আফসার হোসেন তূর্জা :-
দেশের মহাসড়কগুলোতে ক্রমবর্ধমান যানজট নিরসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আরও ৬ হাজার জনবল এবং প্রয়োজনীয় নতুন যানবাহন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
৬ এপ্রিল সোমবার সকালে কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, বর্তমানে দেশের ৮ হাজার ৮০০ কিলোমিটার জাতীয় মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন মাত্র আড়াই হাজার হাইওয়ে পুলিশ সদস্য। বিশাল এই কর্মযজ্ঞ সামাল দিতে জনবল ও লজিস্টিক সাপোর্ট অত্যন্ত অপ্রতুল। বিভাগটিকে আধুনিক ও শক্তিশালী করতে নতুন করে ৬ হাজার ফোর্স নিয়োগের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মহাসড়ক হলো দেশের অর্থনীতির লাইফলাইন। প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট দিয়ে মহাসড়ক নিরাপদ করা গেলে তা দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আমরা আশা করছি, নির্বাচিত সরকার এই প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
এছাড়া তিনি মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে ফিডার রোড বা ছোট সংযোগ সড়কগুলো বন্ধ করে সার্ভিস লেন চালুর ওপর জোর দেন এবং প্রযুক্তিনির্ভর সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমেই মহাসড়কে থ্রি-হুইলার বা সিএনজি চলাচল স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব বলেও তিনি বলেন।
পরিদর্শনকালে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে তিনি ভৈরব হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
মহাসড়কের নিরাপত্তায় ৬ হাজার নতুন জনবল ও যানবাহনের প্রস্তাব ভৈরবে ডিআইজি ইমতিয়াজ আহমেদ
175 views
