# শাহীন সুলতানা :-
মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লক্ষ্মীপুর ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. মহসিন রানা। হুমকির ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে অভিযুক্ত একই ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫)। ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাঁর সহযোগীরাও। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানান অভিযোগকারী মো. মহসিন রানাসহ দলীয় নেতাকর্মীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোন এক সময় অভিযুক্ত নিজাম উদ্দিন তাঁর ব্যবহৃত ০১৯৫৩-৪৪৫৮৩৮ নাম্বার মোবাইল ফোন থেকে মহসিন রানার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। মুহূর্তেই এঘটনা নিয়ে অভিযোগকারী মো. মহসিন রানা, তাঁর ছেলে ইমন হাসান নিরব ছাড়াও গোলাম রাব্বি, আল আমিন বিডিকে, শরীফুল আলম সমর্থক গোষ্ঠী, মোখলেসুর রহমান, আসমাউল আলম, কুলিয়ারচর উপজেলা ছাত্রদল ও মো. শাহীন মিয়াসহ একাধিক ফেসবুক আইডি থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পোস্ট করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অভিযোগকারী মো. মহসিন রানা বলেন, দেশে মাদক ও জুয়ার বিস্তার রোধে বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, মাদক ও জুয়া দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাই জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের সচেতন মহলের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এলাকার সচেতন মহল বলেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে জুয়া ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মহসিন রানা সম্প্রতি জুয়া ও মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে নিয়মিত প্রতিবাদ করে আসছেন। সরকারের পক্ষ থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণার পর তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর এই কার্যক্রমে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মহসিন রানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। কেননা অভিযুক্ত মো. নিজাম উদ্দিন বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি। ইতিপূর্বেও সে একাধিকবার কারাবাস করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মহসিন রানা দলের সিনিয়র নেতাসহ কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে অবহিত করে বিচার দাবী করেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকারী মহসিন রানাকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকারসহ পশ্চিম আব্দুল্লাহপুর ছাইতনতালা টিলায় জুয়া খেলার বোর্ড পরিচালনার কথা স্বীকার করে বলেন, আমি মহসিন ভাইয়ের সাথে কোন বেয়াদবি করিনি। তাকে কল করে বলেছিলাম, জুয়া খেলা অবৈধ আমি জানি। আপনি পুলিশ নিয়ে এসে আমার জুয়া খেলা বন্ধ করে দিয়েছেন। ভাই দেখুন আমি যদি অপরাধ করে থাকি তাহলে আরো মানুষ যে জুয়া খেলা দেয় এগুলোও বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে আমারও দেখার আছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হুমকিদাতাকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে বাড়িতে না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
147 views
