নবীনগর ভূমি অফিস তালাবদ্ধ সেবা বঞ্চিত সাধারণ মানুষ

155 views

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভূমি অফিসে অফিসারদের যেন ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দ্বিতীয় কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ ভূমি অফিস।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৯ মার্চ রোববার অফিস খোলা থাকলেও ওইদিন উপজেলাস্থ ভূমি অফিসে কর্মরত অফিসারদের অফিস করতে দেখা যায়নি।
এমনকি উপজেলার ভূমি অফিসের কয়েকটি দপ্তর এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শুধু সাধারণ শাখা খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল মাত্র একজন। এতে সেবা নিতে আসা জনসাধারণ হয়রানির শিকার হলেও দেখার কেউ নেই।
সরেজমিনে রোববার দুপুর ১২টায় থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত উপজেলার ভূমি অফিস ঘুরে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
এদিকে অফিস সমূহে কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন অফিস ছুটির পর উপজেলার ভূমি সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে কয়েকজন সেবাগ্রহীতাকে গোল ঘরে অপেক্ষা করতে দেখা গেছে।
নবীনগর ভূমি অফিসে সেবা নিতে আসা জাকির হোসেন, সফিক মিয়া, হোসনা বেগমসহ আরো অনেকেই জানান, সকাল থেকে অফিসে সেবা নিতে এসে দাঁড়িয়ে আছি, এসিল্যান্ড, সার্ভেয়ার, নাজির কাউকেই খোঁজে পাচ্ছি না। অফিসে জাকির হোসেন নামে একজন জারিকারক বসে আছে। তিনি আমাদের গোল ঘরে অপেক্ষা করতে বলছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, সাপ্তাহিক রোববার জেলা মিটিংয়ে যোগদানের জন্য এখন আমি ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে অবস্থান করছি। বাকি কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি তাদের কক্ষ খোলা রেখে তাদের কাজ চলমান রাখবেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।