# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত হাজী মো. রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শনিবার বিকেলে শহরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভৈরব শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ এবং ভৈরব শাখার আমীর মাওলানা কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর শাহজাহান সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাজী মো. রফিকুল ইসলাম ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও সমাজ সেবায় নিবেদিত প্রাণ। নারী শিক্ষা বিস্তার, মানবকল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তাঁর অবদান ভৈরববাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। শুধু তাই নয়, তাঁর জীবন আদর্শ অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজী মো. রফিকুল ইসলামের অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

