ইটনা ও মিঠামইনে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্যপ্রার্থী তরুণ দুই আইনজীবি আরিফ খান ও রফিকুল ইসলাম মীরের গণসংযোগ

160 views

# মো. খায়রুল ইসলাম ভূইয়া :-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলায় বইছে নির্বাচনী আগাম নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জ জেলার দুটি হাওর উপজেলায় ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইটনায় প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক তুখোড় ছাত্রনেতা এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আরিফ খান এবং মিঠামইন উপজেলায় প্রচার প্রচারণা আর শোডাউন করে নিজের প্রার্থীতা জানান দিচ্ছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর।
আধুনিক ও সমৃদ্ধ ইটনা ও মিঠামইন উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে তরুণ দুই আইনজীবী চষে বেড়াচ্ছেন ইটনা ও মিঠামইন উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লা। ইতিমধ্যে ঈদের ছুটিকে কেন্দ্র করে তারা ব্যাপক গণসংযোগে দুই উপজেলায় নজর কেড়েছেন।
তরুণ দুই আইনজীবী হিসেবে দুজনের রয়েছে ছাত্র রাজনীতি থেকে আইন অঙ্গনে পদচারণা। তন্মধ্যে ইটনা উপজেলার এলংজুরীর কৃতিসন্তান হিসেবে অ্যাডভোকেট আরিফ খান কেবল একজন সফল আইনজীবীই নন, বরং তাঁর রাজনৈতিক ভিত্তি অত্যন্ত মজবুত। সাবেক ছাত্রনেতা হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগে কাজের দক্ষতা তাকে একজন বিচক্ষণ ও জনবান্ধব নেতা ও আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অপরদিকে মিঠামইন উপজেলার গোপদিঘী খাশাপুর গ্রামের কৃতিসন্তান। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনায় সরকারি বাংলা কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা জজকোর্টে আইনপেশায় আছেন।
সরেজমিনে দেখা যায়, অ্যাডভোকেট আরিফ খান ইটনায় এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর যখনই নিজ নিজ উপজেলা তথা ইটনা ও মিঠামইন উপজেলার কোনো গ্রামে গণসংযোগে যাচ্ছেন, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তাদেরকে নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
গণসংযোগকালে তরুণ এই দুই আইনজীবী ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন। জনসংযোগে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে ইটনা ও মিঠামইন উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন এবং জনকল্যাণমূলক রাজনীতির প্রতিফলন ঘটাবেন।
অ্যাডভোকেট আরিফ খান আইন পেশায় জড়িত থাকায় এবং আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্বে (এপিপি) থাকায় তাঁর ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাবোধ প্রশ্নাতীত। সাধারণ মানুষের বিশ্বাস, তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারবেন
একই বিশ্বাস মিঠামইনবাসীরও ছাত্রজীবন থেকেই জনসেবায় নিবেদিত রফিকুল ইসলাম মীর অত্যন্ত পরিশ্রমী। হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁর দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ক্ষমতার বলয়ে থাকলেও তিনি শিকড় ভোলেননি। নিজ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়।
দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন গড়ে তোলা এবং ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। এলাকার প্রবীণ ভোটারদের মতে, ইটনার জন্য এখন এমন একজন প্রতিনিধি দরকার যিনি উচ্চশিক্ষিত এবং যার কথার গুরুত্ব প্রশাসনের উচ্চপর্যায়ে রয়েছে। তরুণ ভোটাররা মনে করেন, অ্যাডভোকেট আরিফ খানের মতো একজন মেধাবী নেতৃত্ব উপজেলার বেকারত্ব দূরীকরণ ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারবেন।
অপরদিক মিঠামইনে নির্বাচনী জনসংযোগ আর প্রচারণায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর এখন এক আলোচিত নাম। ইতিমধ্যে মোটরসাইকেল শোভাযাত্রায় ব্যাপক দৃষ্টি আকর্ষণ কেড়েছেন। সবমিলিয়ে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি এবং পূর্বের ছাত্ররাজনীতি ও পেশাগত সাফল্য তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় সুবিধাজনক অবস্থানে রেখেছে। মিঠামইন উপজেলার সাধারণ ভোটারদের ভালোবাসা আর সমর্থন শেষ পর্যন্ত তাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন সাধারণ জনগণ।
অপরদিকে ইটনায়ও তরুণ ভোটারদের ভাবনা একজন উদীয়মান তরুণ আইনজীবী ও ছাত্ররাজনীতি থেকে আশা এমন একজন স্বচ্ছ রাজনৈতিক নেতাই তারা বেঁচে নেবেন বলে আসন্ন উপজেলা নির্বাচনে এমনই হাওয়া বইছে।
গণসংযোগ ও প্রচার প্রচারণা বিষয়ে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি মিঠামইন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। এজন্যই উপজেলাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করে যাচ্ছি।
উপজেলা নির্বাচন নিয়ে অ্যাডভোকেট আরিফ খান বলেন, ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তাই ইটনার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে যাচ্ছি। জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করছি। নির্বাচনে জনগণের ব্যাপক আগ্রহ আর সারা পাচ্ছি।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।