বাজিতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

123 views

# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বাজিতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) নূর আসাদ দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন।
এরপর ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম ও আগুন নির্বাপণের কৌশল প্রদর্শন করেন। এ সময় তারা ভিজা কম্বল, চটের বস্তা ও বালতি ব্যবহার করে এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি দেখান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল হক বলেন, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যদি দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ করে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী রাতুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা দুর্যোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।