# মুহাম্মদ কাইসার হামিদ :-
মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রশংসায় ভাসতে থাকা কুলিয়ারচর থানার সাব-ইনস্পেক্টর (এসআই) সুজন বিশ্বাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার এবং জেলা পর্যায়ে মোট সাতবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এসআই সুজন বিশ্বাসের হাতে এই সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন। এ সময় জেলা পুলিশ ও বিভিন্ন থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নেও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন তিনি। পরপর দুই মাস একই বিভাগে স্বীকৃতি পাওয়ায় কুলিয়ারচর থানা পুলিশের মধ্যে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে বিগত প্রায় দুই বছরে মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এসআই সুজন বিশ্বাস। এ সময়কালে তিনি অর্ধশতাধিক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি শতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন। গড়ে প্রতি মাসে ৫ থেকে ৬টি সফল অভিযানের নেতৃত্ব দিয়ে তিনি ইতোপূর্বেও একাধিকবার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
উপহার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসআই সুজন বিশ্বাস বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়; এটি কুলিয়ারচর থানার পুরো টিমের যৌথ প্রচেষ্টার ফল। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান সামনে আরও জোরদার হবে। জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে চাই।”
এ অর্জন নিয়ে কুলিয়ারচর থানার নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, আমি গতকাল শুক্রবার কুলিয়ারচর থানায় যোগদান করেছি। জানতে পারি কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস একজন অত্যন্ত দক্ষ, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর এই অর্জনে কুলিয়ারচর থানার পুরো টিমের কাজের গতি ও উদ্দীপনা বহুগুণ বেড়ে গেছে। কুলিয়ারচরকে পুরোপুরি অপরাধ ও মাদকমুক্ত রাখতে আমাদের বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”
অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে এসআই সুজন বিশ্বাসের এমন সাফল্য কুলিয়ারচর থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ ও সন্তোষের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অর্জনে তাঁকে আবারও অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, পুলিশের এই কঠোর অবস্থান কুলিয়ারচরকে দ্রুতই মাদকমুক্ত অঞ্চলে পরিণত করবে। এসআই সুজন বিশ্বাসের মতো থানার প্রতিটি অফিসার যদি মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেন, তবে দ্রুতই কুলিয়ারচর মাদক ও অপরাধমুক্ত করা সম্ভব হবে।
কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস আবারো জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই নির্বাচিত
39 views
