# আলহাজ্ব সজীব আহমেদ :-
বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ১৬ সেপ্টেম্বর বুধবার ভৈরবের তাঁতারকান্দি-লক্ষ্মীপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিং ও গ্রী স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লক্ষ টাকা করে এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, তাঁতারকান্দি-লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান তিনটিতে প্রয়োজনীয় অনুমোদন ও বিএসটিআই লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বিক্রি ও বাজারজাতের বিষয়টি পাওয়া যায়। পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। অভিযানে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশ সহযোগিতা করেন।
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও মানহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা
104 views
