# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ৩১ আগস্ট সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার পুলিশ কর্মকর্তা এবং রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভার শুরুতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল ও কিশোরগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. জেবুন নাহার শাম্মী। এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট, জেলার উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আংশিক অবনতির কারণ তুলে ধরেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডসহ জেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলা বিএনপির নেতারা বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকির বিষয়গুলো তুলে ধরেন। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার দাবি জানিয়ে তারা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজটসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং জেলার সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

