# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বর্ষার পানিতে ডুবে যাওয়া গ্রামীণ সড়কে গোসল করতে গিয়ে খালে ডুবে নুসরাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট শনিবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর ডেংহাটি এলাকায় এই ঘটনা ঘটে। শিশু নুসরাত ওই এলাকার ওদার বাড়ির সৌদী প্রবাসী মাসুম মিয়ার মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই পাভেল মোল্লা।
এ বিষয়ে এসআই পাভেল মোল্লা বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিতে আবেদন করে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সাথে যোগাযোগ করে মৃতদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিব।
নিহতের ফুফু স্বপ্না বেগম বলেন, আমার ভাই সৌদী আরব প্রবাসী। তাঁর চার মেয়ে। নুসরাত পরিবারে তৃতীয় সন্তান। ১৫ আগস্ট শনিবার দুপুরে নুসরাতের বড় বোন লামিছা ও জান্নাতের সাথে বর্ষার পানিতে ডুবে যাওয়া রাস্তায় হাটু পানিতে গোসল করতে যায়। লামিছা ও জান্নাত গোসল করে বাড়ি ফিরলেও নুসরাত গোসল শেষে বাড়ি আসেনি। লামিছা তাঁর মাকে নুসরাতের বাড়ি ফেরার কথা জিজ্ঞেস করলে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়ার রাস্তায় ও পাশের খালে খুঁজাখুঁজি করে দুপুর ২টার দিকে নুসরাতকে খালের পানি থেকে মরদেহ উদ্ধার করে। ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে নুসরাতকে মৃত ঘোষণা করেন। নুসরাত গোসলের এক ফাঁকে ডুবে যাওয়ার রাস্তার পাশে খালে পড়ে ডুবে যায়।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. ওহাব মিয়া বলেন, বিকাল ৩টার দিকে নুসরাত নামের শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। শিশুটিকে হাসাপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
বর্ষার পানিতে ডুবে যাওয়া গ্রামীণ সড়কে গোসল করতে গিয়ে খালে ডুবে শিশুর মৃত্যু
177 views
