ভৈরবে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১ জন আটক, মুচলেকায় ৩০ জনকে ক্ষমা

68 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে সাঁড়াশি অভিযানে একাধিক ছিনতাইকারী ও ভবঘুরে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়। ১৪ আগস্ট শুক্রবার দুপুরে আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। এর আগে ১৫ জুন ৪২ জনকে গ্রেপ্তার করে ৩৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাদক ও ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং কিশোর গ্যাং সদস্যদের উৎপাত বেড়েছে। কিশোর গ্যাং এর সদস্যরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেলপথ ও সড়কপথ বন্ধ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সারা দেশের মানুষদের জন্য জনদুর্ভোগ তৈরি হয়। ইতোমধ্যে ভৈরবের বেশ কয়েকটি ঘটনা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভৈরবের কিশোর গ্যাং সদস্যদের ও রাতে কাজ ছাড়া বাড়ির বাইরে থাকা ভবঘুরেদের ধরতে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। আটকের খবরে সন্তানদের ছাড়িয়ে নিতে থানা চত্বরে অভিভাবক ভিড় করে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক ও সতর্কতামূলক বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ ও ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
অভিভাবকদের ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, ভৈরব একটি ছিনতাই প্রবণ এলাকা। এর আগেও অভিভাবকদের সচেতন করা হয়েছে। দুই মাস আগে ৪২ জনকে আটক করে ৩৭ জনকে ছেড়ে দেয়া হয়। ১৪ আগস্ট ৫১ জনকে আটক করে ৩০ জনকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনাদের সন্তানকে বিশেষ কাজ ছাড়া রাত ১০টার পর বাড়ির বাইরে যেতে বিরত রাখুন। ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষায় এবারই আপনাদের সন্তানদের শেষ সুযোগ দেয়া হচ্ছে। পরবর্তীতে রাত ১১টার পর রাস্তায় বিশেষ কাজ ছাড়া কাউকে পাওয়া গেলে আর সুযোগ দেয়া হবে না।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভৈরব একটি ছিনতাইপ্রবণ এলাকা। ছিনতাই প্রতিরোধে রাতভর বিশেষ অভিযানে ৫১ জনকে আটক করে এদের মধ্যে ৪ জন শিশুসহ ৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় সোপর্দ করা হয়েছে। বাকিদের মধ্যে সন্দেহভাজন মামলা রয়েছে ৯ জনের বিরুদ্ধে। এছাড়াও ৭ জনের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। আবার নেশাগ্রস্ত অবস্থায় বেশ কয়েকজন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *