# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, অধ্যক্ষ শরীফ আহমেদ, ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউছুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, নুরুজ্জামান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদুল হক (জাবেদ), জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার নায়েবে আমির মো. কামরুল ইসলাম, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেলুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভৈরব উপজেলা শাখার সভাপতি ডা. বাবুল আচার্য প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ভৈরব গড়ে তুলতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় সমাজপতিগণসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ মিলে কমিটি করতে হবে। স্থানীয়ভাবে কিশোরদেরকে খেলাধূলার ব্যবস্থা করে মনযোগী করতে হবে। পুলিশ অপরাধীদেরকে গ্রেপ্তার করলে তদবির করা যাবেনা। লোকজনকে বুঝাতে হবে দাঙ্গাহাঙ্গামা সংঘর্ষ করলে কাউকে ছাড় দেয়া হবেনা। অপরাধীর কোন দল নেই তা সবাইকে বুঝতে হবে। ভৈরবে আমরা আর কোন ঝগড়া সংঘর্ষ দেখতে চাইনা। আগামীতে আবার কোন পক্ষ সংঘর্ষ করলে কাউকে রেহাই দেয়া হবেনা, জেলে যেতে হবে।
সভার শুরুতেই কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভৈরবে গত দুইমাসে তিনটি সংঘর্ষে দুটি খুন, আহত শতাধিক, বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও আগুন দেয়া ভয়ানক ঘটনা ঘটেছে। এছাড়া প্রতিটি সংঘর্ষে রেলপথ-সড়কপথ অবরোধ করা, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধন করা অভ্যাসে পরিণত হয়েছে যা মারাত্মক অপরাধ। এবিষয়গুলি নিয়ে সাধারণ মানুষ, নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকদের সাথে আলোচনা করতেই তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপারকে নিয়ে ভৈরবে এসেছেন। এধরনের ঘটনায় সবার মধ্যে উদ্বেগ বিরাজ করছে বলে তিনি জানান। এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকে ভৈরবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় বলে তিনি সভায় জানান।
সভায় উপস্থিত বক্তাগণ বলেন, একটি বাজারের সাইনবোর্ডের নাম নিয়েসহ আকবরনগর-মিরারচরচর গ্রামের আধিপত্য বিস্তার, বাজারে চাঁদাবাজি-দখলবাজীকে কেন্দ্র করে গত ২৭ জুলাই দুইপক্ষের সংঘর্ষে দুইজন খুন, অর্ধশত আহত হয়। এছাড়া গত ৬ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে রেলস্টেশনে ও ১১ জুন মাইক্রোবাস ভাড়াকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক সংঘর্ষ হলে প্রায় ৪০ জন আহত হয়। এছাড়া মাদক ব্যবসাকে কেন্দ্র করে একটি মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাং সদস্যদের মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব বাধে। মাদকের নেশার টাকা যোগার করতে নেশাখোররা চুরি, ডাকাতি, ছিনতাই করছে শহরে। পুলিশ অপরাধীদের প্রায়ই গ্রেপ্তার করে আদালতে চালান দিলে সহজে জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে বলে বক্তারা ও পুলিশের পক্ষ থেকে বলা হয়। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে সভাটি দুইঘন্টা চলে।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল বাশার, আজগর আলী, সাবেক কাউন্সিলর মো. আক্তারুজ্জামান, ভৈরব উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, কিশোরগঞ্জের এনএসআইয়ের উপ-পরিচালক মো. আলী আকবর, বিআইডব্লিউটিএ’র ভৈরব বন্দরের ডিডি নাহিদ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলকাছ, ডিজিএফআইয়ের ভৈরব কর্মকর্তা আবদুস সালাম, রেলওয়ে ও নৌ-থানার অফিসারবৃন্দ।
মতবিনিময় সভায় ভৈরব উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয় এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
ভৈরবে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার
126 views
