ভৈরবে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

76 views

# ইশতিয়াক আহমাদ শৈভিক  :-
কিশোরগঞ্জের ভৈরবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার সকালে ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডের প্যালেস কমিউনিটি সেন্টারে ভৈরব বিএনপির আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল বাশার, মোস্তফা কামাল, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, মো. নূরুজ্জামান, বিএনপি নেতা জিল্লুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ জাহিদুল হক (জাবেদ), উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম হৃদয়। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়ে আজও শারীরিক ও মানসিক যন্ত্রণা বহন করছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তি এবং ফ্যাসিবাদের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, গণতন্ত্র এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *