# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পানিতে পড়ে লামিছা নামের ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২ আগস্ট রোববার দুপুরে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া সায়দুল্লাহ মিয়ার ডাকবাংলোর পিছনে চণ্ডিবের খালে পড়ে তাঁর মৃত্যু হয়। নিহত লামিছা উত্তর পাড়া এলাকার মাসুম মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, তিনজন কিশোরীকে নিয়ে সায়দুল্লাহ মিয়ার ডাকবাংলোর পিছনে চণ্ডিবের খালে গোসল করতে আসেন লামিছা। খালে নেমে পানিতে ডুব দিয়ে লামিছা না উঠলে তাঁর সহপাঠীরা ডাক চিৎকার শুরু করে। এসময় স্থানীয়রা দৌড়ে এসে আধাঘণ্টার চেষ্টায় লামিছাকে উদ্ধার করে। মৃত অবস্থায় লামিছাকে তাঁর পরিবার বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে লামিছার খালু সবুজ মিয়া বলেন, লামিছা স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। তাঁর বাবা একজন সবজি বিক্রেতা। বাবা-মাকে না বলেই গোসলে গিয়েছিল লামিছা। সেখানে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।
তিনি আরো বলেন, লামিছার বাবা পরিবার নিয়ে উত্তর পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। লামিছার পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। সেখানেই লামিছার দাফন কাফন সম্পন্ন করা হবে।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক তদন্ত লিমন বোস বলেন, পানিতে পড়ে কিশোরীর মৃত্যুর খবর জানা নাই। এ প্রতিনিধির মাধ্যমে যেহেতু জেনেছেন পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হবে।

