# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে একটি ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারগারে পাঠানো হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে নিকলী উপজেলার ছাতিরচর উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে এলাকায় মিছিল হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ও এলাকাবাসী জানান, সোমবার বিকালে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী এলাকার মুদি ব্যবসায়ী মুরাদের (৩৫) দোকানে গেলে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটির বাবা ঢাকায় থাকেন। ফলে এ ঘটনায় সোমবারই মেয়েটির নানি বাদী হয়ে নিকলী থানায় মুরাদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আর নিকলী থানার পুলিশ ওই দিনই মুরাদকে এলাকা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মাহবুবুর রহমান।
এর আগে গত ২০ জুলাই সকালে নিকলীর পশ্চিম কুর্শা এলাকায় মুদি ব্যবসায়ী জয়নাল আবেদীনের (৪২) দোকানে খেলনা কিনতে গেলে প্রথম শ্রেণির এক ছাত্রীকে জয়নাল যৌন হয়রানি করেন। মেয়েটির বাবা উপজেলা প্রশাসনকে ঘটনা জানালে ভ্রাম্যমাণ আদালত জয়নালকে সাত দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
৮ বছরের শিশু ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ধর্ষক এখন কারাগারে
1 views
