# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় নিষিদ্ধ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়াছে। ১৭ জুলাই শুক্রবার দিনব্যাপি কটিয়াদী উপজেলার করগাঁও হাওরে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি (রিং) জাল ও কারেন্ট জালসহ মোট ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত সব জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাট্রা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ৬২টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়। এসব জালের মোট আনুমানিক দৈর্ঘ্য ১ হাজার ৮৭০ মিটার, যার বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া ১০টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক দৈর্ঘ্য ৫০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি (রিং) জাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ করা হলে বিপুলসংখ্যক পোনা মাছ, ডিমওয়ালা মা মাছ এবং দেশীয় ছোট প্রজাতির মাছ ধ্বংস হয়ে যায়। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উন্মুক্ত জলাশয়ের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই সরকার এসব জালের উৎপাদন, বিক্রয়, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
অভিযান শেষে জব্দ করা সব নিষিদ্ধ জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উপস্থিত জেলে, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের নিষিদ্ধ জালের ক্ষতিকর প্রভাব, ইলেকট্রোফিশিংয়ের ভয়াবহতা এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। ভবিষ্যতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা অবৈধভাবে মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
কটিয়াদীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া বলেন,
সরকারের নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ জাল, ইলেকট্রোফিশিং ও অবৈধ বাঁধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৎস্য বিভাগ জানিয়েছে, করগাঁও হাওর ছাড়াও কটিয়াদী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার, অবৈধ মাছ শিকার এবং ইলেকট্রোফিশিং প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হবে। জনস্বার্থে এবং দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
কটিয়াদীতে আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
20 views
