# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে প্রাইমারি শিক্ষিকা আতিয়া জাহান মৌ (২২) ধর্ষণ ও হত্যা মামলায় ইউসুফ হায়দার রিফাত (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দিয়েছেন অপর চার আসামিকে। মঙ্গলবার কিশোরগঞ্জের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দিয়েছেন। ২০১৫ সালের ৬ নভেম্বর রাতে জেলা শহরের বত্রিশ এলাকার পৈত্রিক বাসায় মৌকে ধর্ষণ শেষে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা গেছে, মিঠামইনের গোপদীঘি এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের মেয়ে আতিয়া জাহান মৌ গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। ঘটনার দিন মৌ জেলা শহরের বত্রিশ এলাকার পৈত্রিক বাসায় একা ছিলেন। সেদিন রাতে কয়েক যুবক তাকে ধর্ষণ ও হত্যা শেষে বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল। এ ঘটনায় নিহতের মা রৌশন আরা কবিতা বাদী হয়ে ৮ নভেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় বত্রিশ এলাকার যুবক মো. রাজিব (২৬), একই এলাকার টিটু (৩৫) ও নিহতের গোপদীঘি এলাকার ইউসুফ হায়দার রিফাতকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।
পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে রিফাত, রাজিব, টিটু, বত্রিশ এলাকার ঝুমুর ও অপর একজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মঙ্গলবারের রায়ে কেবল রিফাতকে দণ্ডিত করে অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় সকল আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর রিফাতকে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জে শিক্ষিকা খুন এক যুবকের যাবজ্জীবন
10 views
