ত্রৈমাসিকে গড়িয়ে বাজিতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

204 views

# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে দীর্ঘ প্রায় তিন মাস পর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে সভা না হওয়ায় মাসিক সভাটি কার্যত ত্রৈমাসিকে গড়িয়ে যায়। সম্প্রতি যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জালাল উদ্দিনের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভা। ১৫ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ জালাল উদ্দিন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিং এবং জনভোগান্তি কমাতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রতি মাসে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা কমিটির সভা আয়োজনের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাজিতপুর থানার পুলিশ কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা বাজিতপুর বাজার এলাকার তীব্র যানজট নিরসনে সম্ভাব্য উদ্যোগ নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বাজারে চলাচলকারী অটোরিকশা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের জন্য উপযুক্ত দুটি স্ট্যান্ড স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা যানবাহনের চাপ, সড়কের অবস্থা এবং জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনায় নিয়ে উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে মতবিনিময় করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিকল্পিত স্ট্যান্ড স্থাপন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজিতপুর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *