ভৈরবে আর্জেন্টিনা সমর্থকদের জমকালো গ্র্যান্ড মিটআপ, শাহী ভোজ ও ডিজে শো

96 views

# মো. আল আমিন টিটু :-
এক আবেগ, এক পতাকা, এক পরিবার এবং এক রাত্রি-এই ভালোবাসার স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে বুধবার রাতে বসেছে আর্জেন্টিনা সমর্থকদের এক অভূতপূর্ব মিলনমেলা। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ১৫ জুলাই বুধবার সন্ধ্যা ৭টা থেকে শহরের মেহেদী কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে “Argentine Fan’s Grand Meetup 2026″।
আর্জেন্টিনার সেমিফাইনাল জয় উদযাপন এবং এই জমকালো মিলনমেলাকে কেন্দ্র করে বর্তমানে ভৈরবের স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
উপহারের গরুতে চলছে “শাহী ভোজ” আয়োজনকে শতভাগ সফল ও মুখরিত করতে ভৈরব আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা নিয়েছেন এক অভিনব উদ্যোগ। সেমিফাইনাল উদযাপনে ফ্যান ক্লাবের প্রধান উপদেষ্টা ও একনিষ্ঠ মেসি ভক্ত মহি উদ্দিনের উপহার হিসেবে প্রায় লক্ষ টাকা মূল্যের গরু দিয়ে বুধবার রাতে থাকছে রাজকীয় “শাহী ভোজ”!
এছাড়া সনাতন ধর্মাবলম্বী সমর্থকদের সুবিধার্থে আলাদাভাবে খাসির ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে নিবন্ধিত ৫০০ জন সমর্থক একসঙ্গে এই ভোজ উপভোগ করবেন।
রাতের খাবারের আকর্ষণীয় মেন্যু পোলাও, চিকেন রোস্ট, ঐতিহ্যবাহী গরুর মাংসের রেজালা (এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), ডিমের কোরমা, মিক্সড সবজি ও ডাল। ডেজার্ট হিসেবে থাকছে পোলার আইসক্রিম এবং কোল্ড ড্রিংকস (সেভেন-আপ)
শুধুমাত্র খাওয়া দাওয়ায় সীমাবদ্ধ নয় আজকের এই আয়োজন। অনুষ্ঠানটিকে জমজমাট করতে রাজধানী ঢাকা থেকে আসা জনপ্রিয় DJ Nick তাঁর ডিজে শো দিয়ে মেতে রাখবেন পুরো কমিউনিটি সেন্টার।
এছাড়াও রাতভর সমর্থকদের আনন্দ দিতে অনুষ্ঠানস্থলে আরও থাকছে ‘ফটো সেশন, মেসির প্রতিকৃতির সাথে তৈরি করা বিশেষ ফটো বুথে ছবি তুলছেন সমর্থকরা। বড় পর্দায় একসাথে ফুটবল ম্যাচ ও মেসির জাদুকরী মুহূর্তগুলো উপভোগ করবেন সবাই।
এ দিকে আকর্ষণীয় লটারির পাশাপাশি উপস্থিত সকল সমর্থকের হাতে বিশেষ উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে ব্রেসলেট।
ভৈরব আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন নাজির অনুষ্ঠানস্থল থেকে জানান, আমাদের আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে চলছে। নিরাপত্তার স্বার্থে কেবল পূর্ব-রেজিষ্ট্রেশনকৃত ৫০০ জন সমর্থকই আজকের এই জমকালো আয়োজনে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত মেসি ভক্ত ও ফ্যান ক্লাবের প্রধান উপদেষ্টা মহি উদ্দিন অত্যন্ত উচ্ছ্বসিত কণ্ঠে জানান, আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এই গরু উপহার দেওয়া হয়েছে। মেসির আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তবে ফ্যানদের জন্য আরও একটি গরু জবাই করে এর চেয়েও বড় পরিসরে ভুড়িভোজের আয়োজন করা হবে বলে তিনি ঘোষণা দেন।
ভৈরব থেকে আকাশী-সাদা সমর্থকদের এই উল্লাস ও ভ্রাতৃত্বের মেলবন্ধন আজ রাতে আবারও প্রমাণ করবে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি হৃদয়ের গভীর আবেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *