# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা নামে এক শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত মোছা. প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক প্রিয়া বেগম উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকার খোকন মিয়ার মেয়ে ও পানাউল্লাচারের হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী। ১৩ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার লাসু মিয়া ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত সিঁথি সীমিতা (২৮) শিবপুর ইউনিয়নের ভূইয়া বাড়ির মৃত সুলয়মান মিয়ার মেয়ে ও পানাউল্লাচর এলাকার ইটালী প্রবাসী মো. মুরাদ মিয়ার স্ত্রী। আহত সিঁথি সীমিতা শিবপুর বিএমএ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনি গ্রামের বিভিন্ন শিক্ষার্থীকে গৃহশিক্ষক হিসেবে পড়ান।
জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো প্রিয়া বেগমের মেয়ে সাফা মনি (৪) কে পড়াতে তাঁর বাসায় যান শিক্ষিকা সিঁথি সীমিতা। এসময় ওই শিক্ষিকা প্রিয়া বেগমের কাছে প্রাইভেট পড়ানোর বকেয়া থাকা ১ হাজার ৫শত টাকা চান। তিনি প্রাইভেট পড়ানো শেষে শিক্ষিকা তাঁর বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর ফেলে আসা ছাতা আনতে আবারও প্রিয়া বেগমের বাসায় যান। তখন ক্ষুব্ধ ওই নারী দা নিয়ে শিক্ষিকার উপর হামলা করে। আহত শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত প্রিয়া বেগমকে আটক করে ৯৯৯ নাম্বারে কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত প্রিয়াকে পুলিশের হাতে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন, প্রিয়া বেগম আগেও এধরণের ঘটনা ঘটিয়েছে।
আহত শিক্ষিকার দেবর সারোয়ার বলেন, আমার ভাবি একটি স্কুলে শিক্ষকতা করেন। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো আজও তিনি প্রিয়া বেগমের মেয়েকে পড়াতে গিয়েছিলেন। পড়ানো শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ প্রিয়া বেগম দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ভৈরব থানা উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, ৯৯৯ এ খবর পেয়ে এসআই আসিবুল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এক নারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপানোর অভিযোগ এক নারীর বিরুদ্ধে
539 views
