পানিতে ডুবে পর্যটক কৃষক দু’দিন নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার

39 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে শুক্রবার নদী ও হাওরের পানিতে ডুবে নিখোঁজ এক পর্যটক ও এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সিরাজ মোড়ল (৬০) ও গাজীপুরের কাপাশিয়ার পর্যটক শফিকুল ইসলাম তুলু (২৮)। শফিকুল ইসলাম একজন কারখানা শ্রমিক।
গতকাল রোববার সকাল আনুমানিক ৬টার দিকে দুর্ঘটনাস্থলের প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় সিরাজ মোড়লের লাশটি স্বজনরা উদ্ধার করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) রূপম দাস। অন্যদিকে কাপাশিয়া উপজেলার কানদানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলামের লাশটি গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নিকলী উপজেলার দামপাড়া কাঁঠালিয়া হাওর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা মজুমদার মুক্তি। সিরাজ মোড়লের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শফিকুল ইসলামের লাশ ময়না তদন্ত করিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইউএনও রেহেনা মজুমদার মুক্তি।
সিরাজ মোড়ল শুক্রবার সকালে নৌকা নিয়ে ব্রহ্মপুত্র পার হয়ে গরুর জন্য ঘাস কেটে ফেরার পথে প্রবল স্রোতে নৌকা ডুবে নিখোঁজ হন। আর শফিকুল ইসলাম ২৫ জন বন্ধুর একটি বহর নিয়ে শুক্রবার নিকলীর হাওরে বেড়াতে যান। এদিন দুপুরে কাঁঠালিয়ার হাওরে গোসল করতে নেতে তিনি নিখোঁজ ছিলেন। দু’দিন ধরে উভয় ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও কোন সন্ধান পায়নি। অবশেষে গতকাল তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *