প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, কোন কাজের সাবকণ্ট্রাক্ট যেন দেওয়া না হয়

39 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গতকাল রোববার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি তাঁর বক্তৃতায় বলেছেন, ঠিকাদাররা একটি কাজ পেয়ে নগদ লাভ পেয়ে সাবকণ্ট্রাক্ট দিয়ে দেন। সাবকণ্ট্রাক্টর আবার বিভিন্ন জায়গায় টাকা বিতরণ করে কাজ ভাল করতে পারেন না। এলাকাবাসী ভাল কাজ থেকে বঞ্চিত হন। কাজেই কোন ঠিকাদার যেন কাজ পেয়ে সাবকণ্ট্রাক্ট দিতে না পারেন, সেদিকে সতর্ক থাকার জন্য তিনি বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ঠিকাদাররা ১৫ ভাগ ৩০ ভাগ লেস দিয়ে কাজ পান। এরপর বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ৪০ ভাগ কাজও করতে পারেন না।
প্রতিমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সকল পর্যায়ের কর্মকর্তাদের পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা চেষ্টা করে প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ আনবো, আর সেখানে লুটপাট হবে, তা বরদাস্ত করা হবে না। এমনকি দলীয় লোক হলেও ছাড় দেওয়া হবে না। তিনি মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন। সেই সাথে হাওরে নৌ-ডাকাতি বন্ধে ডাকাতদের তালিকা ধরে ধরে অভিযান চালানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, শোলাকিয়া ঈদগাহের জন্য ১৮ থেকে ১৯ কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। অচিরেই সেটি অনুমোদন হলে ঐতিহ্যবাহী এ ঈদগাহের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।
কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, পুলিশ সুপার মিজানুর রহমান ও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *