কটিয়াদীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগ, দেড় মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

141 views

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাচ্চু মিয়ার বিরুদ্ধে। ঘটনার দেড় মাস পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের পং মসুয়া গ্রামে গত ২৮ মে রাতে অভিযুক্ত বাচ্চু মিয়া ঝালমুড়ি খাওয়ানো ও ফটকা ফোটানোর প্রলোভন দেখিয়ে ১১ বছর বয়সী শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাঁর সঙ্গে অশোভন আচরণ ও বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে শিশুটি অভিযুক্তের হাতে কামড় দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।
পরিবারের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপসের চেষ্টা করা হয় এবং কয়েক লাখ টাকার প্রস্তাবও দেওয়া হয়। তবে তারা তা প্রত্যাখ্যান করে কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ও তাঁর সহযোগীরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
প্রবাসে থাকা শিশুটির বাবা বলেন, তিনি কোনো আপস চান না, বরং ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তিনি আরও জানান, ঘটনার পর থেকে তার সন্তান ভয়ে স্কুলে যেতে চাইছে না।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চু মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া য়ায়। যে কারণে অভিযুক্ত বাচ্চু মিয়ার সাথে যোগাযোগ করা যায়নি। বর্তমানে অভিযুক্ত বাচ্চু মিয়া পলাতক রয়েছে বলে যানা যায়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ একাধিকবার অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। তবে তিনি আত্মগোপনে থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *