# মো. খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৬ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাজিতপুরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল, উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন এবং বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাস।
র্যালিতে অংশ নেন, বাজিতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহীদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ এরশাদ রিকাবদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন। সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন, বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং স্বল্পসুদে ঋণ প্রদানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বক্তারা আরও বলেন, সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সম্ভব। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ড সম্পৃক্ত করতে বিআরডিবির কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করা।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাজিতপুরে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
69 views
