# নিজস্ব প্রতিবেদক :-
গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের মূর্তির অবমাননা ও সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধনে বক্তাগণ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমরা বিএনপিকে ভোট দিয়েছি। আজকে রামমূর্তির ওপর হামলা হয়, জুতা নিক্ষেপ করা হয়। বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হয়। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা সামপ্রদায়িক সমপ্রীতি চাই, আমরা নিরাপত্তা চাই।’
জেলা পূজা উদযাপন পরিষদ ২০ জুন শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের কালিবাড়ি প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালনকালে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মৃদৃল মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কালিবাড়ির সভাপতি অসীম সরকার বাঁধন, সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়, বীর মুক্তিযোদ্ধা মাধব গোবিন্দ দাস, জেলা সনাক সভাপতি স্বপন কুমার বর্মণ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, প্রাক্তন শিক্ষক অনীল চন্দ্র পণ্ডিত ও সীমা নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি পান্না দত্ত রায়, সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার প্রমুখ।
বক্তাগণ বলেন, সমপ্রতি গাইবান্ধার পলাশবাড়িতে একটি উগ্র সামপ্রদায়িক গোষ্ঠী শ্রী রামচন্দ্রের মূর্তিকে অপমান করেছে, ব্যানার নিয়ে মিছিল করে জুতা নিক্ষেপের মত জঘন্য ঘটনা ঘটিয়েছে। মহান মুক্তিযুদ্ধে হিন্দু সমপ্রদায়সহ সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিল একটি অসামপ্রদায়িক শান্তিময় দেশ প্রতিষ্ঠার জন্য। এদেশের হিন্দু সমপ্রদায়ের মানুষেরা এই দেশের ভূমিপুত্র। অথচ আওয়ামী লীগের আমল থেকে এখন পর্যন্ত একটি উগ্র সামপ্রদায়িক শক্তি হিন্দু সমপ্রদায়ের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, মন্দিরে হামলা চালিয়ে যাচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দত্ত প্রদীপসহ একাধিক বক্তা বলেছেন, গত ত্রয়োদশ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে হিন্দু সমপ্রদায় বিএনপিকে ভোট দিয়েছে এই প্রত্যাশা নিয়ে, বাংলাদেশে চিরাচরিত অসামপ্রদায়িক পরিবেশ বজায় থাকবে। ফলে বক্তাগণ প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন, পলাশবাড়ির ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূল শাস্তির বিধান করার জন্য। তা না হলে হিন্দু সমপ্রদায়ের মানুষেরা এদেশে নিরাপত্তা বোধ করতে পারবে না।
আমরা নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছি, সামপ্রদায়িক সমপ্রীতি চাই আমরা নিরাপত্তা চাই
42 views
