এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি অবৈধ অটোরিকশা বডি তৈরির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গ্যারেজের মালিক নাঈম মিয়া। ১৬ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আমলাপাড়া পাকিস্তান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব নদীঘাট ও ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যারেজের মালিক নাঈম মিয়া জানান, তাঁর গ্যারেজে অটোরিকশা মেরামতের পাশাপাশি পুরোনো বডি তৈরির কাজ করা হয়। রড বাঁকানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হওয়ায় আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে গ্যারেজের দুটি রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ মিয়া বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কিছু সময় পর তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভৈরব বাজার এলাকায় দীর্ঘদিনের যানজটের কারণে জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচলে প্রায়ই সমস্যা হয়। যানজট নিরসন করা গেলে ফায়ার সার্ভিস আরও দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, এ ধরণের অটোরিকশার বডি তৈরির বেশ কয়েকটি কারখানা ভৈরবে রয়েছে। যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধভাবে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের এসব কারখানায় কোন নজরদারী নেই। তাই কিছুদিন পরপরই ভৈরবের বিভিন্ন অবৈধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।
গ্যাস সিলিন্ডার লিকেজে গ্যারেজে অগ্নিকাণ্ড
84 views
