শোলাকিয়ায় ঈদগাহের প্রস্তুতি এগিয়ে চলেছে

81 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৯তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এর জন্য সকল প্রস্তুতির তোড়জোর চলছে। ইমামের বয়ান ও খুতবার জন্য ঈদগাহ মসজিদের ছাদে সামিয়ানা টানানো, মাঠে নামাজের কাতারের দাগ কাটা, ওয়াচ টাওয়ার নির্মাণসহ সামগ্রিক প্রস্তুতি প্রায় শেষের পথে। জামাতে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
২৫ মে সোমবার মাঠে গিয়ে দেখা গেছে, পৌরসভার শ্রমিকরা কোদাল নিয়ে মাঠে নামাজের দাগ কাটার কাজ করছেন। জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিন জানিয়েছেন, বরাবরের মত এবারও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে ঈদের দিন সকালে দু’টি শোলাকিয়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে রেলওয়ে বিভাগ। জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি ও র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। ব্যবহার করা হবে ক্যামেরাবাহী ড্রোন। থাকবে পুলিশ ও র‌্যাবের ওয়াচটাওয়ার, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, বোমা নিষ্ক্রীয়করণ দলসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
শোলাকিয়ার সুদীর্ঘকালের ঐহিত্য অনুসারে জামাত শুরুর ১০ মিনিটি আগে তিনটি, পাঁচ মিনিট আগে দু’টি এবং এক মিনিট আগে একটি শর্টগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর সঙ্কেত দেওয়া হবে। তবে পশু কোরবানির বিষয় থাকে বলে ঈদুল আযহার জামাতে ঈদুল ফিতরের তুলনায় মুসল্লির সমাগম কম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *