ভৈরবে রেলওয়ের প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

377 views

# সোহেলুর রহমান :-
ভৈরবে রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন (পথ) এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) এর আওতাধীন ভৈরব বাজার রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহের আঠারো বাড়ি এবং ভৈরব থেকে নরসিংদী পর্যন্ত ২ শতাধিক রেলওয়ে আবাসিক বাসা রয়েছে। কোনো কোনো বাসার মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হলেও তিনি এসব ঝুঁকিপূর্ণ বাসা ভাড়া দিয়ে প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।
সূত্রে প্রকাশ, রেলওয়ে ঠিকাদাররা তাকে মোটা অংকের উৎকোচ দিয়ে রেল লাইনের জন্য নিম্নমানের পাথর সরবরাহ করছেন। এ বিষয়ে সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে রহস্য। ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শেখ মোয়াজ্জেম হোসেনের অফিসের নৈশ প্রহরী তাঁর নামে বরাদ্ধ বাসা ভাড়া নিয়ে এক ব্যক্তি ফুসকার কারখানা চালাচ্ছে দীর্ঘ দিন যাবত। আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে কারখানা খুলে পরিবেশ দূষণ করলেও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর নীরবতায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী রেলওয়ের কেপিআই এলাকা ভাড়া দেয়ার বিধান না থাকলেও রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে রেলওয়ে ত্রিবেণী সেতু ও বাংলাদেশ রেলওয়ে স্কুল সংলগ্ন জায়গা ফ্যাসিবাদের দোসররা কৃষি লীজ নিয়ে বাণিজ্যিক ভাবে হাজার হাজার টন কয়লা মজুদ করে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে এবং (কয়লা মজুদ করে) বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
কেপিআই ও আবাসিক এলাকায় কয়লা মজুদ রাখার ফলে এলাকার পরিবেশ দূষণ হয়ে ২ হাজার শিক্ষার্থী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যেই অনেকে চর্মরোগ, শ্বাস কষ্টসহ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি। প্রকৌশলী শেখ মোয়াজ্জেম হোসেন এর জন্য ভৈরব বাজার ঘাট কলোনীতে বাসা বরাদ্ধ থাকলেও তিনি নিয়ম বহির্ভূতভাবে ভৈরব রেল স্টেশন সংলগ্ন ভিআইপি রেস্ট হাউজে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তাঁর এসব অনিয়ম ও দুর্নীতির চিত্র তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। তাঁর এ সমস্ত অনিয়ম ও দুনীর্তি নিয়ে রেলওয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীসহ ভৈরববাসীর মাঝে এক ধরনের অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাই তারা তদন্ত সাপেক্ষে তাঁর অপসারণসহ শাস্তির দাবী জানান।
এ বিষয়ে রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শেখ মোয়াজ্জেম হোসেন (পথ) অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক আহমেদের কাছে অভিযোগের ভিত্তিতে জানতে চাইলে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শেখ মোয়াজ্জেম হোসেনের পক্ষে সাফাই গেয়ে বলেন তিনি রেলওয়ে রেস্ট হাউজে থাকেন না। তাছাড়া কতগুলো রেলওয়ের বাসা আছে সেগুলো তাকে জানাতে বলেছেন এবং রেলওয়ের জায়গা কৃষি লীজের ব্যাপারে শেখ মোয়াজ্জেমের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *