পাকুন্দিয়ায় নির্মিত হচ্ছে ২০০ মেট্রিক টনের সংরক্ষণাগার

36 views

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
মৌসুম এলেই বীজের জন্য আর দূরের বাজারে ছুটতে হবে না কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষকদের। কৃষকের চাহিদার সময়ে মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করতে উপজেলায় নির্মাণ করা হচ্ছে ২০০ মেট্রিক টন ধারণক্ষমতার আধুনিক বীজ সংরক্ষণাগার। এতে স্থানীয়ভাবে বীজ মজুত ও সরবরাহের সুযোগ তৈরি হবে, কমবে পরিবহন ব্যয় ও ভোগান্তি। ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয়ের বিপরীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে সংরক্ষণাগারটির নির্মাণকাজের উদ্বোধন করেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রকল্পের আওতায় ২০০ মেট্রিক টন ধারণক্ষমতার সংরক্ষণাগারের পাশাপাশি ১০০ বর্গমিটার আয়তনের একটি অফিস ভবন নির্মাণ করা হবে। কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম আরও জোরদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ।
কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফসলের মৌসুমে সময়মতো বীজ না পেলে কৃষকদের বাড়তি অর্থ ও সময় ব্যয় করতে হয়। আবার অনুপযুক্ত পরিবেশে সংরক্ষিত বীজের গুণগত মান কমে যেতে পারে। নতুন সংরক্ষণাগারে চাহিদা অনুযায়ী বীজ মজুত রাখা গেলে মৌসুমের শুরুতেই কৃষকদের কাছে প্রয়োজনীয় বীজ পৌঁছে দেওয়া সহজ হবে।
এছাড়া মৌসুমে হঠাৎ বীজের সংকট দেখা দিলে মজুত থেকে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। এতে বেশি দামে বীজ কেনার ঝুঁকি কমার পাশাপাশি কৃষকদের উৎপাদন পরিকল্পনাও সহজ হবে। মানসম্মত বীজ ব্যবহারের সুযোগ বাড়লে ফসলের উৎপাদন ও গুণগত মানে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
উদ্বোধন উপলক্ষে কোর্ট বিল্ডিং সংলগ্ন মাঠে আলোচনা সভা হয়। এতে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ছাড়াও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মো. এরফান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ।
অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন, বিএডিসি’র কেন্দ্রীয় প্রকল্প পরিচালক মো. মাহমুদুল আলম।
এ সময় বিএডিসি কিশোরগঞ্জ জেলার যুগ্ম-পরিচালক ইকবাল মোহাম্মদ মোমতাসির, বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহসান উদ্দিন আহাম্মেদ, জেলা উপ-পরিচালক (বীজ) মো. জয়নাল আবেদিন, উপ-পরিচালক আক্তারুজ্জামান এবং পাকুন্দিয়া কোল্ড স্টোরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *