আগানগর আনন্দ বাজারে হোসাইনি আই কেয়ার সেন্টার-২ ইউনিটের উদ্বোধন, অসহায় রোগীরা বিনামূল্যে পাচ্ছে চিকিৎসাসেবা

47 views

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর আনন্দ বাজারে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কল্যাণ ট্রাস্ট পরিচালিত দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে হোসাইনি আই কেয়ার সেন্টার-২ ইউনিটের শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এ ইউনিটের মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আগানগর আনন্দ বাজারস্থ দাতব্য চিকিৎসালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হোসাইনি আই কেয়ার সেন্টার-২ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান।
আগানগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. অনন্যা মান্নান এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. সেলিম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকেল ৩টায় এলাকার অসহায়, এতিম, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, আগানগর আনন্দ বাজারে অবস্থিত দাতব্য চিকিৎসালয়টি দীর্ঘদিন ধরে সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত সাড়ে ১২ হাজারেরও বেশি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে।
তারা আরও জানান, নতুন এই আই কেয়ার ইউনিটের মাধ্যমে আগানগরসহ আশপাশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল চক্ষুরোগীরা নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি জটিল রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
উল্লেখ্য, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় হোসাইনি আই কেয়ার সেন্টার-২ ইউনিট পরিচালিত হবে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার সাংগঠনিক সমন্বয়ক মো. ইউসুফ মিয়া, রায়হান আহমেদ রবিন, মো. বাদল মিয়া ও মো. মোবারক হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।
আয়োজকরা বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *