# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে নৌকা চুরির বিষয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে সাজ্জাদ মিয়া (২০) নামে যুবককে ছুরিকাঘাতের ঘটনার প্রধান আসামি আনার ডাকাত (৪৫)কে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। ২৮ আগস্ট শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃত আনার ডাকাত ওরফে কাইল্যা ডাকাত লক্ষ্মীপুর মধ্যপাড়ার আব্দুল খালেক মিয়ার ছেলে।
থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের ১৫ দিন আগে সাজ্জাদের মামা স্বপন মিয়ার একটি ডিঙ্গি নৌকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ৩ আগস্ট রাত ১০টায় পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে আনার ডাকাতের সাথে বাকবিতন্ডা হয় সাজ্জাদের। এক পর্যায়ে আনার ডাকাত সাজ্জাদ হোসেনকে ছুরিকাঘাত করে। সাজ্জাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৮ বছর আগে লক্ষ্মীপুর এলাকার একই পরিবারের তিন সদস্যকে হত্যা করে আনার ডাকাত। এছাড়াও সে একাধিক হত্যা মামলার আসামি। ত্রিপল মার্ডারে সে ১৮ বছর জেল খেটে ১ বছর আগে বাড়িতে আসে। এসেই সে মাদক ব্যবসা ও চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ৩ আগস্ট রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৪ আগস্ট নিহতের মরদেহ ময়নাতদন্তের পর দাফন কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৫ আগস্ট সকালে আনার ডাকাতকে প্রধান আসামি করে হত্যা মামলাটি দায়ের করে নিহতের পরিবার। ঘটনার ২২ দিন পর নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে স্থানীয়দের ও সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় আনার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা আনার ডাকাত স্বীকার করেছে। আদালতের মাধ্যমে ঘটনার জবানবন্দি নেয়া হবে বলে জানান তিনি।
মামার চুরি হওয়া নৌকার খোঁজ চাওয়ায় ভাগনেকে ছুরিকাঘাতে হত্যার আসামি আনার ডাকাত গ্রেপ্তার
63 views
