ভৈরবে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু দুই ঘণ্টা সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

72 views

# আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিদনী সায়হাম (৩৫) ও একই এলাকার সৈয়দ বানু (৬৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট বুধবার দুপুরে সৈয়দ বানু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও জিদনী সায়হাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ এলাকাবাসী ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
মৃত জিদনী সায়হাম ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা জিএম ইস্পাহানি মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই এলাকার সৈয়দ বানু (৬৫) নামে আরেক বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় বাসিন্দা আরাফাত ভূঁইয়া বলেন, ভৈরব শহরের ডাম্পিং ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলার কারণে পুরো শহরে ডেঙ্গু বিস্তার ঘটছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজকে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাই আমরা এলাকাবাসী সড়ক অবরোধ করেছি প্রশাসন যেন আগামীকালের মধ্যে ময়লা আর্বজনা ফেলা বন্ধসহ ময়লার স্তুপ সরিয়ে অন্যত্র ফেলে।
পরিবারের সদস্যরা জানান, জিদনী সায়হাম তিন দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন। শরীরে প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
এদিকে, একের পর এক ডেঙ্গু মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। প্রশাসনের অবহেলা ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে তারা স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ জানান, ভৈরবে ময়লা আর্বজনা ফেলার জন্য নির্দিষ্ট কোন ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন জনবসতি জায়গায় ফেলা হচ্ছে। যার ফলে শহরে ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে। যারা ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাছাড়া রেলওয়ে স্টেশন সড়কের পাশে ময়লা আর্বজনা আর ফেলা হবে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *