# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে দ্বন্দ্বে সাবেক কাউন্সিলর আল আমিন সৈকতকে হত্যার অভিযোগ এনে ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। ২৬ আগস্ট বুধবার বিকাল ৪টায় ভৈরব থানায় কাউন্সিলরের স্ত্রী তানিয়া খানম তাঁর চাচা শ্বশুরের পরিবার ও অজ্ঞাত আসামিসহ ২৩ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন। মামলার তথ্য নিশ্চিত করেছেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
এদিকে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে না চাইলেও পুলিশের একাধিক সূত্র থেকেও নিহতের চাচা ও তিন চাচাতো ভাইসহ পরিবারে অন্যান্য সদস্যদের আসামি করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর চাচার পরিবার বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। ওই পরিবারের হত্যাকাণ্ডের সম্পৃক্ততা পেলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিনের দ্বন্দ্বে সাবেক কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। পরিবারের বিবরণ অনুযায়ী সিসিটিভি পর্যবেক্ষণে আসামিদের সাথে অনেকাংশেই মিল রয়েছে। তদন্তের মাধ্যমে আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা জানান, আল আমিন সৈকতের বাবা জসিম উদ্দিন ও তাঁর দুই চাচা নজরুল ইসলাম ও মোমেন মিয়া। তাদের মধ্যে বাবা জসিম মিয়া ও চাচা নজরুল ইসলাম মারা গেছেন। অভিযুক্ত চাচা মোমেন মিয়া ভৈরব বাজারের তেল ব্যবসায়ী। বাবু (২৯), জুম্মান (২৪) ও হাসান (২২) হলেন মোমেন মিয়ার ছেলে। ভৈরব বাজারে অবস্থিত ‘ফকির মার্কেট’ নামে তাদের একটি পারিবারিক সম্পত্তি রয়েছে। ফুফুদের পক্ষে ওই সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে আল আমিনের সঙ্গে কয়েক বছর ধরে চাচার পরিবারের বিরোধ চলছিল।
পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ২৩ আগস্ট রোববার রাত সাড়ে ১১টায় হোটেল রিভারভিউ নামে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার মুহূর্তে দুর্বৃত্তদের হামলার শিকার হয় আল আমিন সৈকত। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পথিমধ্যে আল আমিন সৈকত মৃত্যুবরণ করে। এদিকে পুলিশি তদন্তে একাধিক সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে। বিভিন্ন ফুটেজ থেকে জানা যায়, ২৩ আগস্ট রাত ১১টা ৪২ মিনিটে মোটরসাইকেলে করে টিন বাজার গোপাল জিউর মন্দির ক্রস করে রমজান মিয়ার হাউলির ভিতরে দিয়ে বাসায় যাচ্ছিলেন কাউন্সিলর। হাউলিতে প্রবেশের পর আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ১১টা ৪৩মিনিটে আল আমিন সৈকতের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আবার ১১টা ৪৬ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ৩ মিনিট সময়ে এলোপাতাড়ি একাধিক কোপে মুখে, কপালে ও হাতে পায়ে আঘাতপ্রাপ্ত হয় আল আমিন সৈকত। স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে।
নিহত আল আমিন সৈকত পৌর শহরের আড়াই ব্যপারি বাড়ির মৃত জসিম মিয়ার ছেলে। নিহতের পরিবারে দুই ছেলে দুই মেয়ে রয়েছে।
আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও জেলা সার সংগঠন বিএফএ’র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ভৈরব বাজারের তাঁর একটি আবাসিক হোটেল রয়েছে। তিনি সার ও রাইস মিল ব্যবসায় জড়িত ছিলেন।
আল আমিন সৈকতের মা মিনারা বেগম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের পর তাঁর দেবরের ছেলেরা আল আমিনকে কুপিয়ে হত্যা করার হুমকি দিতেন। তিনি বিষয়টি বিশ্বাস করেননি। এখন তাঁর মনে হচ্ছে, সেই হুমকিই সত্যি হয়েছে।
সাবেক কাউন্সিলরের স্ত্রী তানিয়া খানমের অভিযোগ, পারিবারিক সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে চাচার পরিবারের সাথে বিরোধ ছিল। একাধিকবার মীমাংসার জন্য বসলেও সমাধান হয়নি। বরং ফুফুদের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে চাচাতো ভাইদের সাথে মারামারিও হয় আল আমিন সৈকতের সাথে। বেশ কিছুদিন আগে স্থানীয় নেতৃবৃন্দ সম্পত্তি নিয়ে বিরোধ মিটিয়ে দেন। তবে আল আমিন সৈকতের প্রতি ক্ষোভ ছিল তাঁর চাচাতো ভাইদের। মেরে ফেলার একাধিক হুমকি ধামকিও দিয়েছে আল আমিন সৈকতকে। ২৩ আগস্ট রোববার রাতে স্ত্রীকে ভাত বেড়ে রাখার কথা বলে বাসায় ফেরার পথে চাচাতো ভাইয়েরা তাদের সহযোগীদের নিয়ে আল আমিনকে কুপিয়ে হত্যা করে।
তিনদিন পর কেন মামলা করলেন এমন প্রশ্নে তিনি বলেন, আমি প্রকৃত অপরাধীদের বিচারের জন্য সময় নিয়ে মামলা করেছি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আল আমিন সৈকতের চাচাতো ভাই হাসানকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রচার করা হলেও ভৈরব উপজেলা ছাত্রদলের সভাপতি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, হাসানের সঙ্গে ছাত্রদলের কোনো ধরনের সম্পর্ক নেই।
ভৈরবে জমি নিয়ে দ্বন্দ্বে সাবেক কাউন্সিলর হত্যা, থানায় মামলা ৩ চাচাতো ভাইসহ আসামি ২৩
67 views
