ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা মারধরের অভিযোগ, আতঙ্কে পরিবার

91 views

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক কোমলমতি স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ১২ আগস্ট সকাল ৯টায় বখাটে অনিক মিয়া লোহার পাইপ নিয়ে ভুক্তভোগী কোমলমতি স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এর আগে ১১ আগস্ট সকাল ৯টায় মাধবদী কান্দাপাড়া গ্রামে শিক্ষার্থী নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার মুহুর্তে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে কিশোর মাধবদী কান্দাবাড়ির নজরুল মিয়ার ভাগিনা অনিক মিয়া (১৯)। সে দীর্ঘদিন যাবত নানার বাড়িতে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ আগস্ট মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার মুহুর্তে ওই কোমলমতি স্কুলছাত্রী ইভটিজিংয়ের শিকার হলে তিনি এর প্রতিবাদ করেন। এ সময় এ ঘটনা নিয়ে তাদের মধ্যে বখাটে কিশোর অনিক মিয়ার সাথে ওই শিক্ষার্থীর বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বখাটে ১২ আগস্ট বুধবার সকালে প্রকাশ্যে তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, বাড়িতে ঢুকেই ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কে রয়েছে। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কায় পুরো পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, একজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শুধু নিজের সম্মান রক্ষায় প্রতিবাদ করেছিল। অথচ সেই প্রতিবাদের জেরে তাঁর বাড়িতে গিয়ে হামলা ও মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এমন ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটির বিষয়ে মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নেই। ইভটিজিংয়ের মতো ঘটনা সমাজে একটি ন্যাক্কার জনক ব্যাধি। আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *