# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে গোসল করতে গিয়ে কারেন্টের শক খেয়ে পানিতে পড়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১১ আগস্ট দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে একটি খালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর রাত ৭টা ২০ মিনিটে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। নিহত শিক্ষার্থী বধূনগর গ্রামের প্রবাসী নজরুল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (১১)। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব বাজার ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীদের টিম লিডার তোফাজ্জল হোসেন। টিম লিডার বলেন, মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে খালে গোসল করতে আসেন আব্দুল্লাহ মিয়া। এসময় তারা বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে গোসল করছিল। খুঁটিতে তখন কারেন্ট ছিল না। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে আব্দুল্লাহ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। সহপাঠীদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আব্দুল্লাহকে খুঁজতে থাকে। না পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ হওয়ার ৫ ঘণ্টাপর মিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের আত্মীয় মাসুম মিয়া বলেন, আব্দুল্লাহসহ চারজন বধূনগর খালে গোসল করছিল। অপর দিকে বিদ্যুৎ অফিস থেকে লোকজন এসে বিদ্যুতের মেরামত কাজ করছিল। তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা ছিল। হঠাৎ বিদ্যুৎ অফিস থেকে লাইন দিয়ে দিলে চারজনই বিদ্যুৎ অনুভব করে। এদের মধ্যে তিনজন বেঁচে ফিরলেও আব্দুল্লাহ শক খেয়ে পানিতে তলিয়ে যায়।
তিনি আরো বলেন, আব্দুল্লাহ পরিবারের ছোট ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। তাঁর বড় ভাই ও বোন রয়েছে। তাঁর বাবা ও বড় ভাই সৌদী আরবে থাকে।
নিহতের বোন জামাই রাজু মিয়া বলেন, বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে আমার শ্যালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। তারা কাজ করে যাওয়ার পর খুঁটিতে কীভাবে কারেন্ট আসে। তাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়ার ব্যবস্থা করছি।
বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে গোসল করতে গিয়ে কারেন্টের শক খেয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
94 views
