ভৈরবে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

305 views

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদের দোসর, জুলাই আন্দোলনে হত্যা ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। ৫ আগস্ট বুধবার সকালে ভৈরব উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, বিএনপি নেতা মো. নূরুজ্জামান ও জিল্লুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদুল হক (জাবেদ), খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এবং জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সহ-সভাপতি মাহবুব উল্লাহ মুছা।
এছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ যোবায়েরের মা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়ে আজও শারীরিক ও মানসিক যন্ত্রণা বহন করছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তি এবং ফ্যাসিবাদের দোসরদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, গণতন্ত্র এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *