মিঠামইন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার বিচার দ্রুত বিচার আইনে চান স্ত্রী

20 views

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর (৫৭) হত্যার ঘটনা জেলার একটি অত্যন্ত স্পর্শকাতর চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত ভাড়াটে তিন খুনিসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে জাহাঙ্গীরের স্ত্রী, এ মামলার বাদী তাসলিমা আক্তার চৌধুরী ২২ জুলাই বুধবার এ প্রতিবেদককে বলেছেন, তিনি মামলাটি দ্রুত বিচার আইনে সম্পন্ন করার জন্য পুলিশ বিভাগের প্রতি দাবি জানিয়েছেন। তবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মামলাটি দ্রুত বিচার আইনে রূপান্তরের বিষয়ে এখনও কোন আলোচনা হয়নি। আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ড শেষ হলে সামগ্রিক বিষয় যাচাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা থেকে আনা তিন ভাড়াটে খুনি বরগুনার হেলাল, লক্ষ্মীপুরের মহিন উদ্দিন ও শাকিল ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইনের বেড়িবাঁধ এলাকার বাড়ির সামনে জাহাঙ্গীরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। হামলার সময় হেলাল নামে খুনিকে জাপটে ধরলে জাহাঙ্গীরের সঙ্গী হাদিস মিয়াকেও আহত করা হয়।
এ ঘটনায় ১৭ জুলাই রাতে জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিন ভাড়াটে খুনি হেলাল, মহিন উদ্দিন ও শাকিলসহ আরও অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় পুলিশ তিন ভাড়াটে খুনি ছাড়াও মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের শেখেরহাটি গ্রামের জাকির হোসেন ও মিঠামইন কাজীপাড়ার আব্দুর রউফ নামে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। জাকির হোসেন খুনিদের পালিয়ে যাওয়ার জন্য স্পীডবোট ভাড়া করে দিয়েছিলেন। ওই স্পীডবোটের চালক ছিলেন আব্দুর রউফ। এই পাঁচজনের বিরুদ্ধে গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ৪ নম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত পাঁচ দিনেরে রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *