# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আয়রন-ফলিক অ্যাসিড (আইএফএ) ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলমান থাকলেও আলিয়া মাদরাসার ছাত্রীদের মধ্যে কয়েক বছর ধরে এ কার্যক্রম বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন হাজার কিশোরী পুষ্টি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলায় বর্তমানে ১৬টি এমপিওভুক্ত দাখিল (আলিয়া) মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিন হাজার ছাত্রী অধ্যয়ন করছে। সরকারের কৈশোরকালীন পুষ্টি কর্মসূচির আওতায় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের সপ্তাহে একটি করে আইএফএ ট্যাবলেট খাওয়ানো হলেও আলিয়া মাদরাসাগুলোতে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, একই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত আইএফএ ট্যাবলেট পেলেও আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা তা পাচ্ছে না। ফলে রক্তস্বল্পতা প্রতিরোধ ও কিশোরীদের পুষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ এ কর্মসূচি থেকে তারা বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, চলতি বছর আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যেও আইএফএ ট্যাবলেট বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।
২২ জুলাই বুধবার সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল কবির বলেন, আলিয়া মাদরাসার ছাত্রীদেরও এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত তাদের মধ্যে ট্যাবলেট বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কৈশোরকালীন সময়ে মেয়েদের আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে আইএফএ ট্যাবলেট অত্যন্ত কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি আলিয়া মাদরাসার ছাত্রীদেরও সমানভাবে এ কর্মসূচির আওতায় আনা জরুরি।
করিমগঞ্জে কিশোরীদের পুষ্টিতে বৈষম্যের অভিযোগ, আলিয়া মাদরাসায় কয়েক বছর ধরে বন্ধ আইএফএ ট্যাবলেট বিতরণ
20 views
