# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবের ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ জুলাই বুধবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন।
আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধার ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে তাদের মিষ্টিমুখ করানো হয় এবং কেক কেটে আপ্যায়ন করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে আসমা নীলার সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মোছাম্মৎ কামরুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নূরজাহান বেগম, আমিনুল ইসলাম, রিমা বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের। তাঁদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, অব্যাহত সাফল্য ও সুন্দর জীবন কামনা করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, ভৈরবের ঐতিহ্যবাহী ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ১৮ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো, মো. মজিদুল হাসান ভূঞা, মো. আবিল সিকদার, সিয়াম, এস. এম এমদাদুল আহসান, ইনাম হোসেন রাফাহ, ভূঁইয়া আইমান আল বারীর, সাইফ আহমেদ, পার্থ বর্মন, ফার্শপিয়া মেহেনাজ, মেহেনাজ আফরিন তানাজ, উম্মে আক্তার, মহিমা ইসলাম রোজা, নুছরাত নাহার, তাহাবিয়া আমীন রাফা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো আয়মন আবরার, মাসুদা সারমিন, নাফিয়া ইসলাম মাইশা, আশফিয়া কালাম তায়্যিবা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহায়তার ফলেই এই দুর্দান্ত সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্কুল পরিচালনা পর্ষদ।
ভৈরবে ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ
102 views
