কিশোরগঞ্জে রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা

31 views

# এম.আর রুবেল :-
বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ সেকশনের (অতিরিক্ত দায়িত্ব: নরসিংদী) ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ মো. জুলহাসের বিরুদ্ধে অনলাইনে ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন রেলওয়ের কর্মচারীবৃন্দ।
২১ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় ভৈরব রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ (কিশোরগঞ্জ ও নরসিংদী) এবং স্থানীয় গেটকিপারদের যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ সেকশনের এক অস্থায়ী গেটকিপার (বহিষ্কৃত) মো. তৌফিকুর রহমান সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকৌশলী মো. জুলহাসের বিরুদ্ধে কর্মচারীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছেন। উক্ত কর্মকর্তা কারও কাছ থেকে কখনো কোনো প্রকার অবৈধ অর্থ বা মাসোহারা গ্রহণ করেননি। প্রকাশিত সংবাদের সাথে বাস্তব কর্মপরিবেশের কোনো মিল নেই।
প্রতিবাদ সভায় কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ সেকশনে দায়িত্বরত পিডাব্লিউআই এবং আইওডাব্লিউসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক মামলা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং রেলওয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা বলেন, একই ব্যক্তি বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি করে আসছে।
এই কর্মসূচিতে কর্মচারীবৃন্দ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা। যদি এঘটনা তদন্ত করে তৌহিদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত হেডমেইট মো. উজ্জ্বল খানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নরসিংদীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বিভাগের টাইম কিপার মো. কামাল সরকারসহ নরসিংদী সেকশনের মেইট বীরেন চন্দ্র দাস, ওমেন জুয়েল দাস, মেনস মো. শামীম মিঞা ও কিশোরগঞ্জ সেকশনের মেইট মো. আজিম মিঞা, মেইট মো. মোস্তফা, মেইট আল আমিন, ওমেন মোচ্ছা. মাছুমা আক্তার প্রমুখ।
এসময় রেলওয়ে নরসিংদী, ভৈরব ও কিশোরগঞ্জের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং সকল স্থায়ী ও অস্থায়ী গেটকিপারবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *